05/04/2024
"চীজ (Cheese) কখন হারাম?" - (ধৈর্য নিয়ে পুরোটা পড়ার অনুরোধ রইল)
উত্তরঃ যখন চীজ বানানোর উপকরণ গুলো হারাম উৎস থেকে আসে।
চীজ কি?
বইয়ে Cheese মানে 'পনির'। কিন্তু 'পনির' বা Paneer আসলে এক বিশেষ ধরনের চীজ যেটার উৎপত্তি সিন্ধু সভ্যতা থেকে।
চীজ এক ধরনের খাবার যাতে রয়েছে প্রোটিন এবং দুধের চর্বি, সাধারণত গরু, মহিষ, ছাগল ও ভেড়ার দুধ থেকে এটি তৈরি করা হয়। এটি দুধের প্রধান প্রোটিন (কেসিন) জমাট বাঁধার মাধ্যমে তৈরি করা হয়। দুধে এনজাইম (রেনেট) যোগ করার ফলে দুধে জটবন্ধন হয়ে ছানায় পরিণত হয়। প্রকারভেদঃ চেড্ডার (Cheddar), মজারেলা (Mozzarella), পারমেজান (Parmesan), ফেটা (Feta), ক্রিম চীজ (Cream Cheese), পনির (Paneer)...ইত্যাদি।
রেনেট কি এবং এটি কোথা থেকে আসে?
সাধারনত রেনেট হল একটি প্রাকৃতিক এনজাইম যা অল্পবয়সী স্তন্যপায়ী প্রাণীদের পাকস্থলীতে পাওয়া যায়। এটা পনির তৈরির সময় দুধকে জমাট বা ঘন করতেও সাহায্য করে। বর্তমানে পনির তৈরির জন্য রেনেট পাওয়ার কয়েকটি উৎস -
1. প্রাণীজ (ছোট বাছুর, ছাগল বা ভেড়া...ইত্যাদির পাকস্থলী)
2. উদ্ভিজ্জ (Nettles বা Thistle জাতীয় উদ্ভিদ থেকে);
3. মাইক্রোবিয়াল (ছত্রাক বা ইস্ট থেকে)
4. জেনেটিকালি-পরিবর্তিত উৎস
এগুলোর মধ্যে 2) উদ্ভিজ্জ এবং 3) মাইক্রোবিয়াল রেনেট দিয়ে তৈরী চীজ হালাল এবং নিরামিষাশীদের জন্য উপযুক্ত। অন্যদিকে প্রানীকে কোন পদ্ধতিতে জবেহ করা হয়েছে সেটা আপনি জানেন না। হালাল পদ্ধতি অনুসরণ না করলে রেনেটও হারাম। জেনেটিকালি-পরিবর্তিত উৎসের ব্যাপারে বিস্তারিত অজানা থাকায় সন্দেহ থেকে যায়। সুতরাং এভয়েড করা সবচেয়ে ভালো।
এছাড়া, ভিনেগার বা লেবুর রসের মতো অ্যাসিড সাধারণত ক্রিম চীজ (Cream Cheese), রিকোটা (Ricotta) বা পনির (Paneer) এর মতো নরম চিজ তৈরিতে ব্যবহৃত হয়। এগুলো হালাল হিসেবে বিবেচিত।
চীজের উপরের শক্ত আবরণ (Cheese Rind)-এ হারাম উপকরণ?
Cheese Rind হলো চীজের উপরের শক্ত আবরণ যেটা কয়েক উপায়ে বানানো সম্ভব- জলপাই বা উদ্ভিজ্জ তেল, শূকরের চর্বি এবং লবণ পানির সাথে ওয়াইন বা বিয়ার। সুতরাং বুঝতেই পারছেন শূকরের চর্বি এবং লবণ পানির সাথে ওয়াইন বা বিয়ার দিয়ে বানানো Cheese Rind এর জন্য উক্ত চীজ হারাম হয়ে যাবে।
গুরুত্বপূর্ন ব্যাপার হলো, আমরা হোটেল বা রেস্টুরেন্টে চীজ দেওয়া অনেক ধরনের খাবার খাই, যেমন- পাস্তা, বার্গার, পিৎজা...ইত্যাদি। খাওয়ার আগে অবশ্যই চীজের কোথা থেকে সোর্সিং করেছে বা কিভাবে বানিয়েছে (কি ধরনের এনজাইম ব্যবহার করে) এগুলো অবশ্যই জিজ্ঞাসা করে নিতে হবে। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। যেহেতু আপনি আপনার টাকা দিয়ে খাচ্ছেন, সুতরাং এতটুকু জিজ্ঞাসা করার অধিকার আপনার আছেই। মনে রাখবেন, আপনি না খেলে বিক্রেতারা কিন্তু বেচতে পারবেনা।
হোটেল বা রেস্টুরেন্টের কাছে একটা অনুরোধ থাকবে, চীজের জন্য আপনাদের হালাল কোন সোর্স না থাকলে, আপনারা নিজেরাই ইনিশিয়েটিভ নিয়ে হালাল চীজের ফ্যাক্টরী করুন। দেশে এবং দেশের বাইরে প্রচুর চাহিদা, অনেক ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। আবার মনোপলি শুরু করেন না 😀 , পার ইউনিট অল্প প্রফিট করে বেশী সেল করে সাস্টেইনেবল বিজনেস করা সবচেয়ে ভালো।
***কষ্ট করে লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
সূত্রঃ https://myhalalkitchen.com/the-cheese-dairy-page/