23/07/2026
*আনসারের দালালবিরোধী অভিযানে মিরপুর বিআরটিএ-তে দালাল চক্রের ৮ সদস্য আটক, ৫ জনের কারাদণ্ড, ৩ জনকে অর্থদণ্ড*
ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার):
মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধ অর্থ আদায় প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সহায়তায় পরিচালিত দালালবিরোধী অভিযানে দালাল চক্রের ৮ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ১টায় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস ও প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের উদ্দেশ্যে দালাল চক্রের সদস্যদের সন্দেহজনক কার্যক্রম দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে।
পরবর্তীতে বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে গার্ড ইনচার্জ পিসি মো. খোরশেদ আলম এবং এপিসি আল মিজানের নেতৃত্বে মিরপুর বিআরটিএ কার্যালয়ের অভ্যন্তরে একটি দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালাল চক্রের ৮ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের মধ্যে শামীম (৩৪), আব্দুল মান্নান (৪৬), আব্দুল্লাহ আল রাজিব (৪০), কাওসার আলী (৩০) এবং বাবুল হোসেন (৩৮)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া আব্দুল্লাহ ইবনে শাকলাইন, রাকিব ও হেলালকে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কাফরুল থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধ, দালালচক্রের অপতৎপরতা দমন এবং জনসাধারণের জন্য স্বচ্ছ, নিরাপদ ও নির্বিঘ্ন সেবার পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
#দালালবিরোধী_অভিযান #মিরপুর_বিআরটিএ