13/12/2023
আমার এক মুসল্লী আছেন। তার ছোট ছোট চারটা সন্তান। আছে এক পুণ্যবতী স্ত্রী। এলাকার কোনো পুরুষ তাকে দেখেননি। এক রুমের বাসায় থাকেন। খুবই সীমিত ইনকাম! অন্য অনেক মুসল্লী তার দারিদ্র্য অবস্থা নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। করুণা প্রকাশ করে। কিন্তু এই আল্লাহর বান্দাকে দেখিনি কখনো হা-হুতাশ করতে। আল্লাহর কসম! কক্ষনো না। সদা হাস্যজ্বল। অতিথিপরায়ণ।
একদিন কথাপ্রসঙ্গে জিজ্ঞেস করলাম,
: আপনার দারিদ্র্য অবস্থা নিয়ে অনেকেই আফসোস করেন! আচ্ছা আপনার কি কখনো খারাপ লাগে না?
:: "হুজুর! কি যে বলেন। আমার তো আরও করুণা হয় তাদের নিয়ে। কারণ আমি যে বিবি সাহেবা পাইছি, সে হিসেবে তো তারা কিছুই পায়নি। কিছুই না।
হুজুর! বিশ্বাস করবেন না! বিবি সাহেবার দিকে তাকাইলে মনে হয় জান্নাতে আছি। আজ দশ বছর সংসার করি। কখনো তার আচরণে মনে হয়নি আমরা অভাবে আছি।"
আমার আগের বাসার মু'আজ্জিন একদিন বলেছিলেন, "আমি যে রাতে বরিশাল থেকে রওনা হয়, লঞ্চে উঠি, সারাটা রাত আমার স্ত্রী জায়নামাজে কাটিয়ে দেন৷ ভাই! যেদিন বাড়ি যাই, আমার আগমনে তার আনন্দ দেখে মনে হয় সব ছেড়েছুড়ে বাড়িতেই থেকে যাই।
সত্যিই! কোটি টাকার বাড়ি-গাড়ির চেয়ে, একটা নেক বিবি অনেক দামি।
নবীজি ﷺ নিদারুণ সত্য বলেছেন-
'দুনিয়ার সব কিছুই একেকটা সম্পদ। তন্মধ্যে সর্বোত্তম সম্পদ হল নেক স্ত্রী'।
[ সহিহ মুসলিমঃ ১৪৬৭]
© Masud Alimi