05/06/2026
ফটিকছড়িতে মিছিলের পর এবার ঘটা করে সভা করলো 'নিষিদ্ধ' ছাত্রলীগ
অপরাধ দৃষ্টি(নিউজ)
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মীর প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন মাইজভাণ্ডার দরবার সড়কের পাশে সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলমের অর্থায়নে নির্মিত ঐতিহাসিক হাজার মানুষের জন্য একসঙ্গে রান্নার উপযোগী (ডেকসি)ঘরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা দাবি করেন, মামলা, হামলা ও রাজনৈতিক চাপের মধ্যেও ছাত্রলীগের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম থেকে সরে যাননি। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনের অতীত ঐতিহ্য ও রাজনৈতিক অবস্থান ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
কারানির্যাতিত ছাত্রনেতারা তাদের বক্তব্যে বলেন, রাজনৈতিক আদর্শ ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করেছেন। ভবিষ্যতেও সংগঠনের কর্মীদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভা আয়োজনের সঙ্গে যুক্ত ছাত্রলীগ নেতা ইরান, মেজবাহ, সাবিনা ও সাকিবের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে পাইন্দং এলাকার ছাত্রলীগ নেতা আরিফ, শওকত, রায়হান ও মিনহাজ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক বিষয়, তৃণমূলকে শক্তিশালী করা এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে মতামত দেন।
সভায় রিয়াদ, নাইম, আলামিন,আরিফ, মোজাম্মেল, ইমন, মুন্না, করিম, আরমান, হৃদয়, সাইমন, ফাহিম, সাব্বির, ফয়সাল, সাকিব,জামসেদ,মাসুদ,আলমগীর,
তারেক,উৎপলসহ উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রকাশ্য কর্মসূচি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “বিষয়টি আমাদের নজরে রয়েছে। সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”
সভা শেষে নেতাকর্মীরা সকল প্রতিকূলতা মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার এবং সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।