28/08/2026
Happy people don't have the urge to ruin someone else's happiness.
নিজের জীবন নিয়ে যে মানুষটা সন্তুষ্ট, সে অন্যের সুখ দেখে অস্বস্তিতে ভোগে না। বরং নিজের জীবন, নিজের কাজ, নিজের ভবিষ্যৎ, এসব নিয়েই ব্যস্ত থাকে। অন্য কেউ ভালো আছে, এগিয়ে যাচ্ছে, কিছু অর্জন করছে, এসব দেখে তার ভেতরে অস্বস্তি তৈরি হয় না। অন্যের প্রাপ্তিতে সে দীর্ঘশ্বাস ফেলে না, বরং নীরবে মৃদু হাসে।
অন্যদিকে, যে মানুষটা বারবার অন্যের জীবন নিয়ে পড়ে থাকে, কে কী পেল, কে কতটা ভালো আছে, কার কী অর্জন, কার সম্পর্ক কেমন। অন্যের বাগানে একটা ফুল ফুটলেও তার ঘুম হারাম হয়ে যায়। অন্যের সামান্য এক চিলতে রোদও তার চোখে কাঁটা হয়ে বিধে। যে মানুষ সুযোগ পেলেই কারোর নিখুঁত জগতে অহেতুক খুঁত খোঁজে, সূক্ষ্ম বাক্যের বি'ষে বিদ্ধ করে কিংবা অপদস্থ করে এক অদ্ভুত স্বস্তি পায়, তা আসলে তার নিজের ভেতরে জমে থাকা এক গভীর, দেউলিয়াপনার কান্না।
নিজের জীবনের অপূর্ণতার দাহ সইতে না পেরে সে অন্যকে টেনে নিচে নামায়, যেন মনে মনে বলতে পারে "তুমিও তো আমার মতোই!"