22/04/2026
মাছে-ভাতে বাঙ্গালীর জাতীয় ফল তো কাঁঠাল, কিন্তু প্রিয় ফল কোনটা..? সম্ভবতঃ একই প্রশ্ন আরেকটু ঘুরিয়ে করা যায়— আম খেতে পছন্দ করেন না কে..? আর এমন অতুলনীয় স্বাদ আর পুষ্টিগুণে ভরপুর একটা ফলকে কেউ অপছন্দই বা করে কিভাবে..?
তবে খেতে যতই ভাল লাগুক না কেন, আমের মত একটা ভিটামিনসমৃদ্ধ ফল খাবার ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষত উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিকস বা কিডনীর জটিলতায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে দৈনিক আম খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন— চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা, ইকবাল হোসেন। আজকে আমরা অতিরিক্ত আম খাবার ঝুঁকি সম্পর্কে জানব। এতে আমাদের আম বিক্রি হয়তো কিছুটা কমবে, কিন্তু আপনি তো সুস্থ থাকবেন..
তবে, ঝুঁকি নিয়ে কথা বলার আগে একটু আমের গুণকীর্তন করে নেই। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতাল ল্যাবএইড-এর পুষ্টিবিদ সামিয়া তাসনিম জানান— পাকা আমে রয়েছে প্রচুর ক্যালরি, শর্করা, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, প্রোটিন সহ আরও ২৫ ধরণের প্রয়োজনীয় ভিটামিন ও ক্যারোটিনয়েডস। ভরা মৌসুমে নিয়মিত পাকা আম খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, দৃষ্টিশক্তি উন্নত হবে, ত্বকের উজ্বলতা বাড়বে, রক্ত বিশুদ্ধ হবে, মানসিক চাপ কমবে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, হৃদপিন্ড ভাল থাকবে, হজমের উপকার এমনকি ক্যান্সার প্রতিরোধেও সহায়ক।
কিন্তু জানেন তো? ওষুধও প্রয়োজনের চেয়ে বেশি খেলে, সেটা উপকারের বদলে ক্ষতি করে। একজন সুস্থ স্বাভাবিক মানুষেরও একসঙ্গে ৪০০ গ্রামের বেশি আম খাওয়া ঠিক না। এর বেশি খেলে সেটা শরীরের তাপমাত্রা বৃদ্ধি, রক্তচাপ বৃদ্ধি, এ্যাসিডিটি এবং পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ফিটনেস সচেতন ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত আম খাওয়া ওজন বৃদ্ধির কারণ হতে পারে। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস ও কিডনীর সমস্যায় আক্রান্ত রোগীদেরও জটিলতা অনুযায়ী আম খাবার পরিমাণ জানতে পুষ্টিবিদের পরামর্শ নেয়া উচিৎ। শিশুদের পরিপাকতন্ত্র বড়দের তুলনায় কম শক্তিশালী হওয়ায়, তাদের ক্ষেত্রেও বয়স এবং ওজন বিবেচনা করে আম খাবার পরিমাণ নির্ধারণ করা উচিত।
আর একটা ব্যাপার না বললেই নয়। যে কোন ফলে কোন রকম ক্যামিকেল উপস্থিতি থাকলে সেটা আর ফল থাকে না, বরং বিষে পরিণত হয়। কোন ক্যামিকেল দিয়ে আম পাকানো, সংরক্ষণ করা বা পুষ্টিগুণ বৃদ্ধি করার প্রচারণা থেকে দূরে থাকুন। আর ফ্রেশ আম খেতে থাকুন Mahveen-এর সঙ্গে..